অক্সিজেনের অভাবে হাসপাতালে ৮ রোগীর মৃত্যু, জর্ডান স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক।।
অক্সিজেনের অভাবে শনিবার (১৩ মার্চ) জর্ডানের একটি হাসপাতালে আট রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি ব্যর্থতার অভিযোগ ওঠে সরকারের বিরুদ্ধেও। অবশেষে অভিযোগ মাথায় নিয়ে শনিবারই পদত্যাগ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী নাথির ওবেইদাত।

দেশটির রাজধানী আম্মান থেকে পশ্চিমে ২৩ কিলোমিটার দূরের সালত শহরের হাসপাতালটিতে এক দিনেই ওই আটজন রোগীর মৃত্যু হয়। হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি রোগীদের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহে ব্যর্থ হয় কর্তৃপক্ষ।

এ সময় করোনা ওয়ার্ড ছাড়াও হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র ও প্রসূতি ইউনিটে অন্তত এক ঘণ্টা অক্সিজেন সরবরাহ বন্ধ ছিল।

জর্ডানের প্রধানমন্ত্রী বিশের আল-খাসোনেহ বিষয়টি জরুরিভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয় হাসপাতালটিতে।

সবশেষ তথ্য অনুযায়ী, মহামারী করোনায় এ পর্যন্ত দেশটিতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে পাঁচ হাজার ৬০২ জন মারা গেছেন। আর করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা চার লাখ ৬০ হাজারেরও বেশি। সূত্র-বিবিসি।