অতিরিক্ত বিল: দুঃখ প্রকাশ করলেন বিদ্যুৎ সচিব

অনলাইন ডেস্ক।।

সম্প্রতি বিদ্যুতের অতিরিক্ত বিল নিয়ে গ্রাহকরা যে সমস্যায় পরেছেন তার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ সচিব ড. সুলতান আহমেদ। রোববার (০৫ জুলাই) দুপুরে ভার্চুয়াল মিটিংয়ে তিনি বলেন, গ্রাহকের সঙ্গে আমাদের সম্পর্ক এক দিনের জন্য না, বছরের পর বছর তাদের সঙ্গে আমাদের সম্পর্ক। আমাদের অনাকাঙ্ক্ষিত সমস্যার কারণে গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করছি।

তিনি বলেন, গ্রাহকের ব্যবহারের বিলের অতিরিক্ত এক টাকাও পরিশোধ করতে হবে না। এ নিয়ে কোনো গ্রাহক ক্ষতিগ্রস্ত হবে না। এটা হতে দেয়া হবে না। যেসব অভিযোগ এসেছে তাদের বিল সমন্বয় করা হচ্ছে। আরো অভিযোগ এলে সেগুলোও সমন্বয় করা হবে।

সচিব বলেন, আমাদের ৬টি সংস্থা বিদ্যুৎ বিতরণে কাজ করে। এরমধ্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ২ কোটি ৯০ লাখ গ্রাহকের মধ্যে অভিযোগ এসেছে ৩৪ হাজার ৬৮১টি। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু হয়েছে। ডিপিডিসির ৯ লাখ ২৬ হাজার ৬৭৯ জন গ্রাহকের মধ্যে ১৫ হাজার ২৬৬ জনের অভিযোগ এসেছে। এখানে চারজনকে সাময়িক বরখাস্তসহ আরো ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

ডেসকোর ১০ লাখ গ্রাহকদের মধ্যে অভিযোগের ভিত্তিতে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এছাড়া নেসকোর ১৫ লাখ ৪৮ হাজার ৩৪৮ জন গ্রাহকের মধ্যে ২ হাজার ৫২৪ জনের অভিযোগ এসেছে। এরইমধ্যে নেসকোর ২২৩ জনকে তলব করা হয়েছে এবং তদন্ত চলছে।

অন্যদিকে পিডিবির ৩২ লাখ ১৮ হাজার ৫১৫ জন গ্রাহকের মধ্যে অভিযোগ এসেছে ২ হাজার ৫৮২ জনের। যার সবগুলো নিষ্পত্তি করা হয়েছে বলেও জানান ড. সুলতান আহমেদ।