অনুষ্ঠান থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ কর্মীকে মারধর

অনলাইন ডেস্ক।।
টাঙ্গাইলে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (০৪ জানুয়ারি) দুপুরে শহরের সবুর খান টাওয়ারের সামনে এ সংঘর্ষ ঘটে।

এ ঘটনায় শান্ত সিকদার নামে ছাত্রলীগের এক কর্মী আহত হয়েছেন। তিনি শহরের দেওলা সিকদার বাড়ি এলাকার ইব্রাহিম সিকদারের ছেলে।

আহত শান্ত সিকদার জানান, সকালে শহীদ মিনারে ছাত্রলীগের অনুষ্ঠানে যান তিনি। সেখান থেকে তুর্য্য নামের এক ছেলে তাকে ডেকে শহরের সবুর খান টাওয়ারের সামনে নিয়ে যায়।

সেখানে তার বাসার কথা জিজ্ঞেস করে। এরপরেই প্রান্তর নেতৃত্বে তার ওপর হামলা করা হয়। এ সময় কাঠের লাঠিসহ দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে তাকে আহত করা হয়।

এ সময় হামলাকারীরা তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ করেন শান্ত। পরে দৌড়ে পালিয়ে যান শান্ত। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে মো. শান্ত বলেন, বিষয়টি নিজেদের মধ্যে ঝামেলা ছিলো। সেটি নিজেরাই সমাধানের চেষ্টা চলছে। জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান বলেন, অনুষ্ঠানে মিছিল করতে গিয়ে ধাক্কাধাক্কি হয়েছে।