অপেক্ষা বাড়ল ব্রডের

স্পোর্টস ডেস্ক।।
মঞ্চটা প্রস্তুতই ছিল স্টুয়ার্ট ব্রডের জন্য। কিন্তু, তাতে বাঁধা হয়ে দাঁড়াল বৃষ্টি। শুধু তাই নয় ম্যানচেস্টারে সোমবার চতুর্থ দিনে একটি বলও মাঠে না গড়ানোয় ৫০০ উইকেটের মাইলফলকে পৌঁছানোর জন্য আজ শেষ দিন পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে ব্রডকে।

টেস্টটা অবশ্য এরই মধ্যে লেখা হয়ে গেছে ব্রডের নামে। ব্যাটিং কিংবা বোলিং—যখন দলের যেটা প্রয়োজন হয়েছে, সেই অনুযায়ী সেবা দিয়ে গেছেন এই তারকা। শুরুটা হয়েছিল ব্যাটিং দিয়েই। ইংল্যান্ডের প্রথম ইনিংসে তিনি ৬২ রান করেন মোটামুটি টি-টোয়েন্টি ঘরানায়। ৪৫ বলের ইনিংসে ছিল নয়টি চার ও একটি ছক্কা। এরপর বল হাতেও যথারীতি আগুন ঝরান। ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয় মাত্র ১৯৭ রানে। এর মধ্যে ছয়টি উইকেটই নিয়েছেন ব্রড।

দ্বিতীয় ইনিংসেও তিনি ছিলেন স্বরূপে। তৃতীয় দিনের শেষ বেলায় মাত্র ছয় ওভার ব্যাটিংয়ের সুযোগ পায় ওয়েস্ট ইন্ডিজ। তাতে, ৩৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১০ রানেই দুই উইকেট হারিয়ে ফেলে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দল। দুইটি উইকেটই পান ব্রড। তাতে উইকেট সংখ্যা ৪৯৯-এ পৌঁছায়।

প্রথম টেস্টে বেশ এগিয়ে থেকেই জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই টেস্টে কম্বিনেশনের দোহাই দিয়ে দলে রাখা হয়নি ডান হাতি এই পেসারকে। সেই সিদ্ধান্তটা যে কতটা কঠিন ছিল, সেটা পরের দুই ম্যাচে শতভাগ প্রমাণ করে ফেলেছেন তিনি।