অফিসে ৩০ মিনিট ঘুমের পাশাপাশি টাকা পাবেন কর্মীরা, জানালেন বস

আন্তর্জাতিক ডেস্ক।।
করোনার প্রভাবে দীর্ঘ সময় অনেককেই ‘ওয়ার্ক ফ্রম হোম’ করতে হয়েছে। এতে ক্লান্তি ভাব বেড়েছে। অফিসেও কখনো কখনো ক্লান্তিভাব বা ঘুম আসে। এবার অফিসেই পাওয়া যাচ্ছে সেই ঘুমের সুযোগ। ব্যাঙ্গালুরুর এক বেসরকারি কোম্পানি অফিসেই সব কর্মীদের জন্য আধ ঘণ্টার ঘুম বাধ্যতামূলক করেছে। এ বিষয়ে প্রত্যেক কর্মীকে ই-মেইলের মাধ্যমে নোটিশ জারি করা হয়েছে।

‘ওয়েকফিট’-এর কো ফাউন্ডার চৈতন্য রামালিঙ্গেগোয়া অফিসিয়ালি ই-মেইলের মাধ্যমে এই নোটিশ জারি করেছেন তার অফিসে। এতে বলা হয়েছে, সবাইকে আধ ঘণ্টা অফিসে ঘুমাতেই হবে। সেই ঘুমানোর জন্য টাকাও পাবেন কর্মীরা।

ই-মেইলে আরো লেখেন, ‘আমরা দীর্ঘ ছয় বছর ধরে মানুষের ঘুমের সামগ্রী বিক্রি করে ব্যবসা করছি। অথচ নিজেরাই ঘুমের সঙ্গে সঠিক বিচার করতে পারছি না। সবার একটু রেস্ট দরকার। সেই কথা ভেবেই আফটারনুন ন্যাপ চালু করার কথা অনেকদিন ধরেই চলছিল। এবার বিষয়টাকে সিরিয়াসলি নিতে হবে। আজ থেকেই কম করে ৩০ মিনিটের ঘুম বা ন্যাপ নিতে হবে সবাইকে। কাজের মধ্যে একটু ঘুম দরকার। এতে শরীর মন ভালো থাকবে। কাজ ভালো হবে।’

ওয়েকফিটে বালিশ, মেট্রেস- এ ধরনের জিনিসই পাওয়া যায়। সবকিছু তৈরি হয় ভালো ঘুমের কথা মাথায় রেখে। এবার তারা নিজেদের অফিসেই চালু করল এ নিয়ম।

এদিকে এ খবর শেয়ার হতেই প্রশংসা শুরু করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, আমিও এটা চেয়েছিলাম। সব অফিসেই এমনটা করা উচিত। সূত্র- নিউজ ১৮।