অবশেষে শাহরুখ পুত্র আরিয়ান জামিন পেলেন

বিনোদন ডেস্ক।।
মাদককাণ্ডে গ্রেপ্তার হওয়া শাহরুখ পুত্র আরিয়ান খান অবশেষে আজ জামিন পেলেন। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) তৃতীয় দফার শুনানির দিন বম্বে হাইকোর্ট জামিন মঞ্জুর করল আরিয়ান খান এবং তার বন্ধু আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচারের।

তবে জামিন মঞ্জুর হলেও এদিন বিস্তারিত রায় দেয়নি আদালত। তাই আজই জেল থেকে ছাড়া পাবেন না আরিয়ান ও তার বন্ধুরা। আগামীকাল (২৯ অক্টোবর) জামিন মঞ্জুরের বিস্তারিত কারণ জানানোর পরেই আর্থার রোড জেল থেকে ছাড়া পাবেন আরিয়ান।

গত ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরী থেকে আটক করা হয়েছিল আরিয়ানকে। তার পর ৩ তারিখ তাকে গ্রেপ্তার করে মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। মোট দু’বার তার জামিনের আবেদন খারিজ হয়ে যায়। যুক্তি হিসেবে বলা হয়, জামিনে ছাড়া পেলে, আরিয়ান তার বিরুদ্ধে যাবতীয় তথ্য ও প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারেন।

মাদক-মামলার তদন্তকারী কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সেইল তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ তোলার পর পানিঘোলা শুরু। সমীরের বিরুদ্ধে তদন্তও শুরু হয়ে গেছে।

সম্প্রতি আর এক সাক্ষী কিরণ গোসাভিকে আটক করল পুলিশ। পুণে পুলিশের পক্ষে এ খবর নিশ্চিত করা হয়েছে। এই ব্যক্তি সে-ই যিনি এনসিবি দফতরে আরিয়ানের সাথে সেলফি তুলেছিলেন।