অবশেষে সেঞ্চুরির দেখা পেলেন স্মিথ

স্পোর্টস ডেস্ক।।
ওয়ানডে ক্রিকেটে তিনিই ছিলেন ২০২০ সালের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান। ভারতের বিপক্ষে ব্যাক টু ব্যাক সেঞ্চুরিসহ মোট তিনবার শতক পেরিয়েছিলেন অস্ট্রেলিয়ার সেরা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। কিন্তু টেস্ট ক্রিকেটে যেন হচ্ছিল না তা, দেখা মিলছিল না তিন অঙ্কের জাদুকরী ইনিংসের।

অবশেষে নিজের ঘরের মাঠ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে খেলতে নেমে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি খরাটা কাটালেন স্মিথ। সাবলীল ব্যাটিংয়ে তুলে নিলেন ক্যারিয়ারের ২৭তম টেস্ট সেঞ্চুরি। তার ব্যাটে চড়েই ভারতীয়দের বিপক্ষে লড়াই করার মতো সংগ্রহ দাঁড় করাচ্ছে অস্ট্রেলিয়া।

সাদা পোশাকের ক্রিকেটে স্মিথের সবশেষ সেঞ্চুরিটি ছিল ২০১৯ সালের সেপ্টেম্বরে। সেবার এশেজ সিরিজের ম্যানচেস্টার টেস্টের প্রথম ইনিংসে ২১১ রান করেছিলেন অস্ট্রেলিয়ার এ ব্যাটিং মায়েস্ত্রো। এরপরের ১৬ মাসে খেলা ১৪ ইনিংসে চারবার পঞ্চাশ পেরোলেও, সেঞ্চুরির দেখা পাননি একবারও।

বিশেষ করে চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম চার ইনিংসে তার রানগুলো ছিল যথাক্রমে ১, ১*, ০ ও ৮; পুরো ক্যারিয়ারে আর কখনও টানা চার ইনিংস মিলে দশের কম রান করেননি তিনি। স্মিথের মতো একজন ব্যাটসম্যানের এমন পারফরম্যান্স চিন্তার ভাজ ফেলেছিল অসি টিম ম্যানেজম্যান্টের কপালেও।

তবে তৃতীয় ম্যাচেই সব সংশয় দূর করে দিলেন স্মিথ। ২০২০ সালের ব্যর্থতা ভুলে নতুন বছরের প্রথম ইনিংসেই জাদুকরী তিন অঙ্কের ইনিংস স্পর্শ করলেন স্মিথ। সিডনি টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন ২০১ বলে, ১৩টি চারের মারে। আজ (শুক্রবার) ম্যাচের দ্বিতীয় দিন এ মাইলফলকে পৌঁছেছেন তিনি।

টেস্ট ক্যারিয়ারে ২৭তম সেঞ্চুরিতে বিশ্বের দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হলেন স্মিথ; তার লেগেছে ১৩৬ ইনিংস। মাত্র ৭০ ইনিংসে ২৭ সেঞ্চুরি করেছিলেন স্যার ডন ব্র্যাডম্যান। স্মিথের নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতের অধিনায়ক বিরাট কোহলি ২৭ সেঞ্চুরি করতে খেলেছিলেন ১৪১ ইনিংস।

ভারতের বিপক্ষে ১৩তম সেঞ্চুরিটিকে কতদূর পর্যন্ত নিয়ে যেতে পারেন স্মিথ, তার ওপরই নির্ভর করছে সিডনি টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার দলীয় সংগ্রহের অবস্থা। কেননা এরই মধ্যে সাজঘরে ফিরে গেছেন স্বীকৃত ব্যাটসম্যানদের সবাই। লেজের সারির ব্যাটসম্যানদের নিয়ে লড়ছেন স্মিথ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ উইকেটে ৩১০ রান। স্মিথ অপরাজিত রয়েছেন ১০৪ রান করে। অল্পের জন্য সেঞ্চুরি মিস করা মার্নাস লাবুশেন আউট হয়েছেন ৯১ রান করে। দলীয় ৩১০ রানের মাথায় মিচেল স্টার্ক ফিরেছেন ২৪ রানের ইনিংস খেলে।