অবস্থার অবনতি, হাসপাতালে অভিনেতা আলী যাকের

বিনোদন ডেস্ক।।
স্বাধীন বাংলা বেতারের কণ্ঠযোদ্ধা, নাট্যজন আলী যাকেরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ক্যান্সার আক্রান্ত এ অভিনেতার হৃদরোগজনিত সমস্যা দেখা দেয়ায় তাকে গেল রবিবার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়।
চারবছর আগে ক্যান্সার আক্রান্ত হন জনপ্রিয় এ অভিনেতা। তারপর থেকেই অভিনয় জগত থেকে নিজেকে গুটিয়ে নেন আলী যাকের।

চিকিৎসকরা জানিয়েছেন, ক্যান্সার, হৃদরোগ ছাড়াও বার্ধক্য জনিত সমস্যা থাকায় তাকে সিসিইউতে নিবিড় পর্যাবেক্ষণে রাখা হয়েছে।
মঞ্চে নুরুলদীন, গ্যালিলিও এবং দেওয়ান গাজীর চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন তৈরি করেছেন আলী যাকের।

অভিনয়ের বাইরে অচলায়তন, বাকী ইতিহাস, সৎ মানুষের খোঁজে, তৈল সংকট, এই নিষিদ্ধ পল্লীতে, কোপেনিকের ক্যাপ্টেনসহ বেশ কয়েকটি মঞ্চ নাটকের নির্দেশনা দিয়েছেন তিনি।
কাজ করেছেন আজ রবিবার, বহুব্রীহি, তথাপি’র মতো দর্শকপ্রিয় টিভি নাটকেও।