অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারত, জানালেন গাঙ্গুলী

স্পোর্টস ডেস্ক।।

মহামারি করোনাভাইরাসের সংকট কাটিয়ে মাঠে ফিরেছে ক্রিকেট। আর তাই অস্ট্রেলিয়া সফরে যেতে বাঁধা নেই ভারতের। আগামী ডিসেম্বরে ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর নিশ্চিত করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের(বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। তবে কোয়ারেন্টাইনের সময় সীমা সংক্ষিপ্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।

করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্ন বাদে সকল জায়গাতেই করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে তা আবারো বেড়েছে।

রোববার (১২ জুলাই) ভারতের টিভি চ্যানেল টুডেকে গাঙ্গুলী বলেন, ‘হ্যাঁ, আমরা ঐ সফরটি নিশ্চিত করেছি। ডিসেম্বরে আমরা সফর করবো। আমরা আশা করছি, কোয়ারেন্টাইনের সময় সীমা কমানো হবে। কারণ আমরা চাই না, খেলোয়াড়রা এতদূর গিয়ে হোটেলে দু’সপ্তাহ বসে থাকুক। এটি খুবই হতাশাজনক ও হতাশাব্যঞ্জক হবে’।

তিনি আরো বলেন, ‘আমি বলেছিলাম, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ভালো অবস্থানে রয়েছে। তাই নিজেদের দৃষ্টিকোন থেকে, আমরা সেখানে যাবো এবং আশা করছি, কোয়ারেন্টাইনের দিন সংখ্যা কমবে এবং আমরা ক্রিকেটে ফিরে যেতে পারবো’।

আগামী ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ২০১৮-১৯ সালের সফরে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের ২-১ ব্যবধানে জিতেছিলো বিরাট কোহলির ভারত। ৭১ বছরের ইতিহাসে গেল বছর প্রথমবারের মত অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জেতে ভারত।

কিন্তু ঐ সিরিজে দলের সেরা দুই ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথকে ছাড়া খেলেছিলো অস্ট্রেলিয়া। বল-বিকৃতির সঙ্গে জড়িত থাকার কারণে সিরিজ মিস করেছিলেন দু’জনে।

আড়াই কোটি জনসংখ্যার দেশ অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত ৯,৭৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১০৮ জনের