আগৈলঝাড়ায় অন্তঃসত্বা গৃহবধূকে মারধর

আগৈলঝাড়া প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক অন্তঃসত্বা গৃহবধূকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় অন্তঃসত্বা গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার ফুল্লশ্রী গ্রামের কালু ফকিরের মেয়ে আট মাসের অন্তঃসত্বা হালিমা বেগম (১৯) কে তুচ্ছ ঘটনা নিয়ে একই বাড়ির মিনাল ফকিরের স্ত্রী রিনা বেগম মারধর করেন। এসময় অন্তঃসত্বা গৃহবধূ হালিমাকে রক্ষা করতে গিয়ে তার মা মরিয়ম বেগম ও চাচী নাছরিন বেগম রিনা বেগমের হাতে মারধরের শিকার হয়।

হালিমা বেগমের পিতা কালু ফকির জানান, আমার মেয়ে আট মাসের অন্তঃসত্বা। সে অসুস্থ অবস্থায় বাড়ির উঠানে কাপর শুকাতে গেলে রিনা বেগম অকথ্য ভাষায় গালমন্দ করে। এসময় বাকবিতন্ডার একপর্যায় রিনা বেগম অন্তঃসত্বা গৃহবধূ হালিমাকে এলোপাথারি মারধর করে। এসময় মেয়েকে হামলার হাত থেকে রক্ষা করতে গিয়ে মরিয়ম বেগম ও চাচী নাছরিন বেগমকেও মারধর করে রিনা বেগম। গুরুতর আহত অবস্থায় অন্তঃসত্বা গৃহবধূ হালিমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মামুন মোল্লা জানান, গুরুতর আহত অবস্থায় অন্তঃসত্বা গৃহবধূ হালিমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান কালু ফকির।