আগৈলঝাড়ায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় জমির আঁইল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

আগৈলঝাড়া থানা পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, উপজেলার রত্নপুর ইউনিয়নের পশ্চিম মোল্লাপাড়া গ্রামের মৃত জগদীশ রায়ের ছেলে ঝন্টু রায় (৪৫) বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। রাতে ঝন্টু রায় বাড়িতে ফিরে না আসায় তাকে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। পরে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঝন্টু রায়ের লাশ একটি জমির আঁইল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

মৃত ঝন্টু রায়ের ছেলে রাজু রায় জানান, বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকালে পশ্চিম মোল্লাপাড়া গ্রামে একটি জমির আঁইলে আমার পিতা ঝন্টু রায়ের লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা আমাদের বাড়ির লোকজনকে সংবাদ দেয়। পরে এঘটনা থানা পুলিশকে জানালে আগৈলঝাড়া থানা পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এঘটনায় মৃত ঝন্টু রায়ের ছেলে রাজু রায় বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে। বৃহস্পতিবার বিকেলে ঝন্টু রায়ের লাশের ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। কিন্তু কি কারনে ঝন্টু রায়ের মৃত্যু হয়েছে তা জানা যায়নি।