আগৈলঝাড়ায় খাল দখল করে ভবন নির্মাণের মহোৎসব চলছে

আগৈলঝাড়া প্রতিনিধি, বরিশাল।।
প্রশাসনের চোখ ফাকি দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন স্থানে সরকারী খাল দখল করে প্রভাবশালীরা পাকা ভবন নির্মানের মহোৎসব চলছে। প্রশাসন পদক্ষেপ নিলেও দুর্গম অঞ্চলে দখলের কর্মযজ্ঞ চলেই আসছে।

সরেজমিন দেখা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত সন্ধ্যা নদীর মোহনায় আমবৌলা স্লুইজ গেট থেকে পশ্চিম মুখী একমাত্র খালের গলা টিপে দখল করছে কয়েক প্রভাবশালী। স্লুইজ গেটের ১ কিমিঃ পশ্চিম পার্শ্বে আমিরের পোল নামক স্থানে নুরু হাওলাদার ইতো মধ্যেই খালের পানি প্রবাহ বন্ধ করে ভবন নির্মানের জন্য কাজ শুরু করেছে।

একই স্থানের অপর পার্শ্বে আতিয়ার হাওলাদার ও আজিজুল হাওলাদার খালের মাঝ বরাবর পাইলিং দিয়ে বালু ভরাটের কাজ শুরু করছে।

প্রভাবশালীদের এই দখলের কারনে শুয়াগ্রাম, আমবৌলা, জয়রামপট্টি, নারায়নখানার বিলাঞ্চলের কয়েক হাজার একর বোরো ধানের চাষ ও পানি সংশ্লিষ্ট চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এ বিষয়ে খাল দখলকারী নুরু হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, এটাতো আর বাড়ি বানাচ্ছি না দোকান ঘর তোলার জন্য কাজ শুরু করেছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুল হাসেম এর কাছে জানতে চাইলে তিনি দ্রুত পদক্ষেপ নিবেন বলে জানান।