আগৈলঝাড়ায় চেক প্রতারণা মামলায় একজনের ৬ মাসের কারাদণ্ড

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় চেক প্রতারণা মামলায় একজনের ৬মাসের কারাদন্ড প্রদান করেছে আদালত। জানা গেছে, উপজেলার বাসাইল গ্রামের মুক্তিযোদ্ধা বখতিয়ার শিকদারের কাছ থেকে ভাল্লুকসী গ্রামের কাজী মতিয়ার রহমানের ছেলে কাজী ইদ্রিস (৪০) ব্যবসার কথা বলে ৬ লক্ষ টাকা ধার নিয়ে চেকের মাধ্যমে একমাসের মধ্যে সেই টাকা ফেরত দেয়ার কথা বলে। কিন্তু অনেকদিন অতিবাহিত হলেও ইদ্রিস টাকা ফেরত না দিয়ে তালবাহানা শুরু করে।

বখতিয়ার শিকদার টাকা উঠানোর জন্য ব্যাংকে ইদ্রিস কাজীর দেয়া চেক জমা দিলে পর্যাপ্ত পরিমান টাকা না থাকায় চেকটি ডিজঅনার করে দেয়া হয়। পরে বখতিয়ার শিকদার বাদী হয়ে কাজী ইদ্রিসের নামে বরিশাল যুগ্ম দায়রা জজ আদালতে চেক প্রতারনা মামলা দায়ের করেন। যার নং-৪১৫/১৯। রোববার বরিশালের যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক চেক প্রতারনা মামলার আসামী কাজী ইদ্রিসকে ৬ মাসের কারাদন্ড ও চেকের সমপরিমান অর্থদন্ডে দন্ডিত করেন। এসময় আসামী কাজী ইদ্রিস আদালতে উপস্থিত ছিলেন না।