আগৈলঝাড়ায় ফলজ গাছ উপরে ফেলার অভিযোগ

আগৈলঝাড়া প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের আগৈলঝাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলজ গাছ উপরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের ছয়গ্রামের মোবারেক আলী হাওলাদার ও প্রতিবেশি আব্দুল মালেক হাওলাদারের সাথে দীর্ঘদিন যাবৎ জায়গা জমির বিরোধ চলে আসছে। স্থানীয় ভাবে একাধিকবার বিরোধীয় জায়গার শালিস মিমাংসার জন্য বসলেও সমাধান না হওয়ায় বর্তমানে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে বলে জানা গেছে।

মোবারেক হাওলাদার অভিযোগে জানান, বুধবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে তার দখলীয় জায়গায় রোপন করা বেশ কিছু ফলজ গাছ উপরে ফেলে প্রতিপক্ষের লোকজন।

অভিযোগের বিষয়ে প্রতিপক্ষের আব্দুল মালেক হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি জানান, গাছ তুলে ফেলার কথা শুনেছি। তবে কে বা কারা গাছ গুলো তুলে ফেলেছে তা আমরা জানিনা।

এ ঘটনায় মোবারেক হাওলাদার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান।

থানা পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।