আগৈলঝাড়ায় বরাদ্দ শেষ, টিকাদান কার্যক্রম বন্ধ

আগৈলঝাড়া প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় টিকার বরাদ্দ শেষ। তাই আপাতত টিকাদান কার্যক্রম বন্ধ রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। নতুন করে করোনা ভাইরাসের টিকা বরাদ্দ চেয়ে চিঠি দেয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, মঙ্গলবার উপজেলার ৫টি ইউনিয়নে গণটিকার কার্যক্রম চলে। সেখানে প্রতি ইউনিয়নে ১ হাজার ৫ শত জন করে ৫টি ইউনিয়নে মোট ৭ হাজার ৫শত জন ব্যক্তিকে গণটিকা দেয়ার কথা ছিল। কিন্তু প্রতিটি ইউনিয়নেই টিকার অতিরিক্ত চাহিদা থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুদকৃত ভ্যাক্সসিন কেন্দ্র গুলোতে সরবরাহ করার কারনে টিকা শেষ হয়ে যায়।

গতকাল বুধবার সকালে উপজেলার বিভিন্ন স্থান থেকে ১ম ও ২য় ডোজের টিকা গ্রহণকারী ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে আসলে তাদের টিকা না থাকায় এ কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানান মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মিজানুর রহমান। এছাড়াও সিভিল সার্জন অফিসের ডিপোতেও বরাদ্দকৃত টিকার মজুত শেষ হয়ে গেছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বলেন, টিকা শেষ হয়ে যাওয়ায় কেন্দ্রে টিকাদান কার্যক্রম বন্ধ রয়েছে।
এদিকে, সকালের দিকে হাসপাতালে টিকা নিতে এসে না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন টিকা প্রত্যাশী গৈলা গ্রামের মঙ্গল চন্দ্র দাস। যারা এসেছিলেন তারা সবাই টিকা পাওয়ার মেসেজও পেয়েছিলেন কিন্তু এসে অপেক্ষার পর টিকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে ফিরে গেছেন।

বাগধা গ্রামের মালতী রানী অভিযোগ করে বলেন, নিবন্ধন করার একমাস পর তিনি টিকা গ্রহণের মেসেজ পেয়ে এসেছিলেন। এসে দেখেন টিকা নেই। তার মতো অনেকেই ফিরে যান।

তিনি আরও বলেন, টিকা নেই তাহলে আমাকে মেসেজ দিয়ে এনে ভোগান্তি করানোর মানে কী ?

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মঙ্গলবার গণটিকার কার্যক্রম হিসেবে উপজেলার ৫টি ইউনিয়নে ৭,৫০০ জনকে টিকা দেয়ার কথা থাকলেও সেখানে ৯,৩৫১ জনকে টিকা প্রদান করা হয়েছে। যে কারনে টিকা না থাকায় কার্যক্রম বন্ধ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন আরও বলেন, নতুন করে টিকা যতদিন না আসবে ততদিন টিকাদান কার্যক্রম বন্ধ রাখা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু আশা করছি দু তিন দিনের মধ্যে টিকা আসবে। টিকার বরাদ্দ চেয়ে এরই মধ্যে বরিশাল স্বাস্থ্য বিভাগকে জানানো হয়েছে।

এছাড়া যাদের টিকা নেয়ার ম্যাসেজ এসেছে কিন্তু টিকা নিতে পারেনি টিকা আসা মাত্রই তাদের টিকা দেয়া হবে।