আগৈলঝাড়ায় র‌্যাবের অভিযান: বিপুল সংখ্যক ফেন্সিডিলসহ গ্রেফতার ২

রূপালী বার্তা।।
বরিশাল জেলার আগৈলঝাড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল সংখ্যক ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ভোরে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলো-যশোরের বেনাপোল পোর্ট দক্ষিণ বারপোতা এলাকার রিয়াজুল ইসলাম এর ছেলে আজাহারুল ইসলাম বাবু (২৭) ও বেনাপোল ভবের বেড় এলাকার শাহাজুল ইসলামের ছেলে মোঃ ফয়সাল মাহমুদ (২৩)।

জানা গেছে, র‌্যাব-৮, বরিশাল, সিপিএসসি ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক ভোরে আগৈলঝাড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আগৈলঝাড়া ফিলিং ষ্টেশনের সামনে চেকপোষ্ট বসিয়ে গাড়ি থামিয়ে তল্লাশি করতে থাকে। তল্লাশির সময় দুইটি সাদা রংয়ের প্রাইভেটকার চেকপোষ্টের সামনে আসলে গাড়ী থামানোর জন্য সংকেত প্রদান করে। গাড়ীর চালরা সংকেত পেয়ে গাড়ী চেকপোষ্টের সামনে থামায়। এ সময় চালকদের গতিবিধি দেখে সন্দেহ হলে র‌্যাব সদস্যরা গাড়ি দুটির সন্নিকটে যায়। তখন গাড়ী হতে দৌড়ে পালানোর সময় সঙ্গীয় ফোর্স ঘেরাও পূর্বক ০২ (দুই) জনকে আটক করে।

পরে জনসাধারণের উপস্থিতিতে প্রাইভেটকার দুইটি তল্লাশি করে ৪৩৭ (চারশত সাইত্রিশ) বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রয়ের নগদ ২,৪০০/- টাকা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত গাড়ী দুইটি জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় আরও স্বীকার করে যে, তারা যোগসাযোসে দীর্ঘ দিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে ফেন্সিডিলের চালান সংগ্রহ করে বরিশাল জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বরিশাল আগৈঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।