আজীবন খরচ পেতে বাবা-মাকে আদালতে নিলেন গ্রাজুয়েট সন্তান

আন্তর্জাতিক ডেস্ক।।
আজীবন নিজের জীবন চালানোর মতো খরচ পেতে বাবা-মাকে আদালতে নিয়ে গেলেন এক অক্সফোর্ড গ্রাজুয়েট। ৪১ বছর বয়সী ফাইজ সিদ্দিকি পুরোপুরি তার বাবা মায়ের ওপর নির্ভরশীল। তার বাবা মা দুবাইতে থাকেন। সম্প্রতি তিনি আদালতে গিয়েছেন আজীবনের জন্য বাবা মার থেকে তার রক্ষণাবেক্ষণের খরচ নিশ্চিত করতে। এ খবর দিয়েছে ডেলি মেইল।

খবরে বলা হয়, ফাইজ সিদ্দিকির স্বাস্থ্যগত কিছু সমস্যা রয়েছে। তিনি বিশ্ববিদ্যালয় পর্ব শেষ করার পর একাধিক কোম্পানিতে চাকরি করেছেন। তবে ২০১১ সাল থেকে তিনি বেকার। এখন তিনি দাবি করছেন, তাকে যদি আজীবন চলার মতো অর্থ না দেয়া হয় তাহলে তা মানবাধিকারের লঙ্ঘন হবে।

এর আগে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধেও ১ মিলিয়ন পাউন্ডের মামলা করেছিলেন। তার অভিযোগ, তাকে উদ্দেশ্যমূলক কারণে বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীর ডিগ্রি প্রদান করা হয়নি। যদিও আদালত তার মামলা আমলে নেয়নি।

তার বাবা মা প্রতি সপ্তাহে ৪০০ ইউরো করে পাঠায় সন্তানের কাছে। এছাড়া তিনি থাকেনও মায়ের দেয়া বাড়িতে। তার সকল বিলও বাবা মাই বহন করেন। তবে সম্প্রতি তারা ছেলের পেছনে অর্থ ব্যয় কমিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সন্তানের আচরণে তারা হতাশ হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তারা। এরই প্রেক্ষিতে বাবা মার বিরুদ্ধে মামলা করেন সিদ্দিকি। তার মামলা প্রথমে পরিবার আদালতে প্রত্যাহার হয়। এখন তিনি আপিল আদালতে এ মামলা নিয়ে গেছেন।