আটক সৈন্যকে চীনের হাতে তুলে দিলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক।।
লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের ভূখণ্ডে ঢুকে পড়া চীনা সৈন্যকে ফিরিয়ে দিলো ভারত। সোমবার (১১ জানুয়ারি) এ নিয়ে চুশূল-মোল্ডোতে বৈঠকে বসে দুই দেশ। সেখানেই ধৃত সেনাকে পিপলস্‌ লিবারেশন আর্মি (পিএলএ)-র হাতে তুলে দেয়া হয়।

৮ জানুয়ারি প্যাংগং শো হ্রদের দক্ষিণে প্রকৃত নিয়ন্ত্ররেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল এক চীনা সেনাসদস্য। তার পরই ভারতীয় সেনাবাহিনীর হাতে ধরা পড়েন তিনি। এর পরই এক বিবৃতি দিয়ে সে কথা জানিয়েছিল ভারত। সেইসাথে জানানো হয়েছিল, পরিস্থিতি পর্যালোচনা করে এবং সবরকম প্রোটোকল মেনে চীনের হাতে তুলে দেয়া হবে ওই সেনাসদস্যকে।

কী ভাবে ওই সেনাসদস্য ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। যদিও তাদের এক সেনাসদস্যকে আটকের কথা জানার পরই চীন দাবি করেছিল, পথভ্রষ্ট হয়েই নাকি ওই সেনাসদস্য ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে। বিষয়টি সত্যি কি না, তা খতিয়ে দেখা শুরু করে ভারতও। পরে সেনাবাহিনীর এক সূত্র মারফৎ জানা যায়, চীনা সেনাসদস্য যে ভুল করেই ঢুকে পড়েছিলেন, সেটা নিশ্চিত হওয়া গেছে। এর পরই ওই সূত্র জানায়, আটক সেনাকে প্রয়োজনীয় শীতবস্ত্র, খাবার এবং চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছে। খুব শিগগিরই চীনের হাতে তুলে দেয়া হবে তাকে।

এই বিষয়টি নিয়েই সোমবার বৈঠকে বসে দু’পক্ষ। সূত্রের খবর, সব রকম প্রোটোকল মেনেই আটক সেনাসদস্যকে চীনের হাতে তুলে দেয়া হয়েছে। এই প্রথম নয়, গত বছরের অক্টোবরেও দক্ষিণ লাদাখের চুমার-ডেমচক এলাকায় সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন পিএলএ-র এক কর্পোরাল। তখনো চীন একইভাবে দাবি করেছিল, ভুল করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল ওই সেনাসদস্য। যদিও পরে প্রোটোকল মেনে চুশূল-মলডো পয়েন্টে চীনের হাতে তুলে দেয়া হয়েছিল আটক সেনাসদস্যকে। সূত্র-আনন্দবাজার পত্রিকা।