আফগানিস্তান থেকে ‘শিক্ষা’ নেওয়ার কথা বলছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক।।
কাবুলে জোড়া বিস্ফোরণের পর পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। শুক্রবার (২৭ আগস্ট) তিনি বলেছেন, আফগানিস্তানের সংকট থেকে অবশ্যই শিক্ষা নিতে হবে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি শিক্ষা অবশ্যই নিতে হবে: বাইরে থেকে বিচ্ছিন্ন কোনও মূল্যবোধ চাপিয়ে দেওয়া বিস্ফোরকের মতো।

সের্গেই ল্যাভরভ বলেন, আমি আশা করি যেসব রাজনীতিক বিদেশি ভূখণ্ডে অধিকতর পদক্ষেপ নিতে চান, তারা নিজেদের তৃতীয়বার বিবেচনা করবেন।

জোড়া বিস্ফোরণের নিন্দা জানিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে সব রাজনৈতিক শক্তির অংশগ্রহণে অংশগ্রহণমূলক অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, আমাদের দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টিয়ার এবং মধ্য এশিয়ায় আমাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করা মৌলিকভাবে গুরুত্বপূর্ণ।

তালেবানের কাবুল দখলের পর যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো নিজেদের কূটনীতিক, কর্মী ও নাগরিকদের আফগানিস্তান থেকে সরিয়ে নিলেও রাশিয়া দূতাবাস বন্ধ করেনি। কয়েক বছর ধরে তালেবানের সঙ্গে যোগাযোগ রক্ষা ও বৈঠক করছে মস্কো। সূত্র-বিবিসি।