‘আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত বিপজ্জনক ও অপ্রয়োজনীয়’

আন্তর্জাতিক ডেস্ক।।
তালেবান কর্তৃক কাবুল দখল করার পর এই প্রথম ইস্যুটি নিয়ে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। তিনি বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক, বিপজ্জনক এবং অপ্রয়োজনীয় ছিল। খবর প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, লেবার পার্টির সাবেক এই নেতা তার নিজের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেন, ‘চিরকালের জন্য যুদ্ধের সমাপ্তি’ একটি অনিচ্ছাকৃত স্লোগানের আনুগত্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু মিত্র দেশগুলোর সৈন্যরা চলে গেলে জিহাদি গোষ্ঠীটিগুলো (তালেবান) উল্লাস করবে।

তিনি বলেন, যতক্ষণ না আফগানিস্তান থেকে সবাইকে সরিয়ে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত দেশটিতে থাকার জন্য ব্রিটেনের নৈতিক বাধ্যবাধকতা রয়েছে।

‘যাদের ওপর দায়বদ্ধতা আছে তাদেরকে অবশ্যই আফগানিস্তান থেকে সরিয়ে নিয়ে আমাদের অভয়ারণ্য দিতে হবে। বিশেষ করে যে সব আফগান যুদ্ধকালীন আমাদের সহায়তা করেছে এবং পাশে দাঁড়িয়েছিল। এখন তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।’

টনি ব্লেয়ার বলেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত রাজনৈতিকভাবে পরিচালিত হয়েছে। তাছাড়া এটি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী প্রচারণার অংশ ছিল। আমাদের এটা দরকার ছিল না। কিন্তু আমরা তা বেছে নিয়েছি।