আফগান গভর্নরের গাড়ি বহরে বোমা হামলা, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক।।
আফগানিস্তানের লাগমন প্রদেশের গভর্নরের গাড়ি বহরকে লক্ষ্য করে আত্মঘাতি বোমা হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। তবে গভর্নর রহমতউল্লাহ ইয়ারমাল বেঁচে আছেন। তিনি আহত হয়েছেন। নিহতদের মধ্যে তার চার দেহরক্ষী রয়েছেন। এ ঘটনায় অন্তত আরো ৩০ জন আহত হয়েছেন। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গভর্নর ইয়ারমালের মুখপাত্র আসাদুল্লাহ দোলাতজাই বলেছেন, সোমবার (০৫ অক্টোবর) ভোরে এ হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক মারা গেছে। নিহতদের মধ্যে ইয়ারমালের চার দেহরক্ষী রয়েছেন। আহতদের মধ্যে দুই দেহরক্ষী ও ২৮ জন বেসামরিক নাগরিক রয়েছেন।

জানা গেছে, এখনো পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে দেশটিতে তালেবান ও আইএস এখনো সক্রিয় রয়েছে।

এ ঘটনাটি ঘটলো যখন আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ ঘানি কাতারের সঙ্গে বৈঠকের উদ্দ্যেশ্যে দোহায় রয়েছেন।

প্রেসিডেন্টের উপ-মুখপাত্র দাওয়া খান মীনাপাল বলেন, প্রেসিডেন্ট ঘানি সেখানে আফগান সরকারি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করবেন, যারা কিনা এ মুহূর্তে তালেবানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।