আবদুল মান্নানের কফিনে বিএনপির শেষ শ্রদ্ধা

অনলাইন ডেস্ক।।
বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী আবদুল মান্নানের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে দলটি। বুধবার (৫ আগস্ট) সকালে তার কফিন নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ সিনিয়র নেতারা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তার কফিন দলীয় পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয়।

আবদুল মান্নানের জামাতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম সবার কাছে প্রয়াত এই নেতার রুহের মাগফেরাত কামনা করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তুলে ধরেন আবদুল মান্নানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন।

বর্তমান সময়ে এমন জ্যেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যু দল ও দেশের জন্য বড় ক্ষতি বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা যান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী আবদুল মান্নান।