আবার আমরা ভাইরাসকে পরাজিত করেছি: জাসিন্ডা

আন্তর্জাতিক ডেস্ক।।
নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসকে পরাজিত করার ঘোষণা দিয়েছেন। সোমবার (০৫ অক্টোবর) তিনি বলেছেন, ‘আমরা ভাইরাসকে আবার পরাজিত করেছি।’একইসঙ্গে নিউজিল্যান্ডের সর্ববৃহৎ শহর অকল্যান্ডে জারি থাকা বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

কঠোর লকডাউনের পরিপ্রেক্ষিতে গত মে মাসের শেষ দিকে নিউজিল্যান্ডে করোনাভাইরাসের সংক্রমণ নির্মূল হয় বলে ধারণা করা হয়। নিউজিল্যান্ডে ১০২ দিন কোনো ‘গোষ্ঠী সংক্রমণ’ ছিল না। তবে গত আগস্ট মাসে দেশটির অকল্যান্ড শহরে করোনার সংক্রমণ দেখা দেয়। সংক্রমণ ঠেকাতে সেখানে লকডাউন দেওয়া হয়।

১২ দিন ধরে অকল্যান্ডে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়নি। এর পরিপ্রেক্ষিতে সোমবার দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেন, করোনাভাইরাস এখন নিয়ন্ত্রণে। দ্বিতীয় দফার লকডাউন মেনে চলার জন্য তিনি অকল্যান্ডের অধিবাসীদের অভিনন্দন জানান।

আর্ডর্ন বলেন, লকডাউনের সময়টা খুব দীর্ঘ বলে মনে হচ্ছিলো। তিনি জানান, আগামী বুধবার থেকে অকল্যান্ড ভাইরাস-সতর্কতার সর্বনিম্ন স্তরে যুক্ত হচ্ছে। ফলে অকল্যান্ডে জারি থাকা বিধিনিষেধ শিথিল হবে।

করোনা মোকাবিলায় সফলতার জন্য বিশ্বে নিউজিল্যান্ড সুনাম কুড়িয়েছে। সে দেশে করোনায় এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এখন চিকিৎসাধীন করোনা রোগী রয়েছেন ৪০ জন।