আমতলীতে “তিন ফসলী” জমিতে পাওয়ার গ্রীড না বসাতে মানববন্ধন

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার আমতলী উপজেলার “তিন ফসলী জমিতে পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ কর্তৃক ৫০ একর জমির অধিগ্রহণ বন্ধের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার খুড়িয়ার খেয়াঘাট বাজারের মুল সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন ইউনিয়নের সর্বস্তরের জনগন। বৈরী আবহাওয়ার মধ্যেও নারী পুরুষ প্রায় ২ হাজার লোকের অংশগ্রহণের মধ্য দিয়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- আমতলী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃর্ধা। এলাকাবাসীর দাবি, তিন ফসলি জমি একোয়ার করে নেয়ার পায়তারা চালাচ্ছে পাওয়ার গ্রিড কোম্পানি। এতে করে পথে বসতে হবে ওই এলাকার গরীব অসহায় সাধারন কৃষকদের, তারা জানান এই জমি একোয়ার হলে অনাহারে দিন কাটাবে পেশাজীবী কৃষকরা। সামান্য জমি নিয়ে গেলে তাদের এলাকা ছেড়ে যেতে হবে অন্যত্র। এই জমি ছাড়াও ঐ ইউনিয়নের পার্শ্ববর্তী গ্রামে ব্যাপক জমি রয়েছে জানান ইউনিয়নের চেয়ারম্যান মোতাহার। উক্ত ভূমি একোয়ার না করার জন্য সরকারের কাছে দাবি জানান ভুক্তভুগিরা।