আমার স্বপ্ন ভেঙে গেলো

নিজস্ব প্রতিবেদক।।
আমি আর পড়াশোনা করমু না, এভাবে কান্নায় ভেঙে পড়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঢাবি ভর্তি পরিক্ষা দিতে আসা এক পরীক্ষার্থী। তার লালিত স্বপ্ন যেনো এক নিমিষেই শেষ গেলো অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে।

নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষাকেন্দ্রে না আসায় ভর্তি পরীক্ষা থেকে ছিটকে গেলো গোপালগঞ্জ থেকে বরিশালে আগত শিক্ষার্থী তিথি রয়।

শনিবার (০২ অক্টোবর) সকাল ১১ টা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষা। কিন্তু তিথি রয় নামের একজন ভর্তিচ্ছু শিক্ষার্থী ১১ কেন্দ্রের গেটে পৌছালেন ১১ টা ২০মিনিটে। অনেক অনুরোধ করার পরও প্রবেশ করার অনুমতি দিলেন না কেন্দ্রে দায়িত্বরত বিএনসিসি’র স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ক্ষোভে রাগে তিনি প্রবেশপত্র ছিড়ে ফেললেন।

বিএনসিসির স্বেচ্ছাসেবক দায়িত্বরত হাসান হাবিব বলেন, আমরা প্রোক্টর স্যার এবং প্রশাসনিক ব্যক্তিদের সাথে কথা বলেছি কিন্তু পরিক্ষা শুরু হওয়ার ২০ মিনিট পর আসার কারণে তাকে পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হয়নি।

অনেক অনুনয়-বিনয় করার পরও তার অনুমতিপত্র পাওয়া যায়নি, এটা শোনার পর পরীক্ষার্থীর মা, গীতা রয় কাঁদতে থাকেন। তিনি বলেন, ‘স্যার আমার মেয়েটারে ঢুকতে দেন ‘ও স্যার।’

এ বিষয়ে ঐ ভর্তিচ্ছু শিক্ষার্থীর কাছে দেরির কারণ জানতে চাইলে তিনি বলেন, ঢাকার থেকে আসার সময় জ্যামের কারণে আমাদের গাড়ি আটকে ছিলো তাই অনেক চেষ্টা করেও আসতে পারিনি।