আরমানিটোলায় আগুনে নিহত ১, আহত অন্তত ১৮

অনলাইন ডেস্ক।।
রাজধানীর পুরান ঢাকায় আরমানীটোলায় একটি ভবনে অগ্নিকাণ্ডে একজন নিহত হয়েছেন। শুক্রবার (২৩ এপ্রিল) ভোর সোয়া ৩টার দিকে ছয়তলা ভবনটির তৃতীয় তলায় এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট পৌনে ৫টার দিকে নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার মাহফুজ রুবেল জানান, একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ফায়ার সার্ভিসের তিন কর্মীসহ অন্তত ১৮ জন। ভবনটির নিচতলায় রাসায়নিকের গুদাম রয়েছে।

স্থানীয়রা জানান, বাবুবাজার ব্রিজ সংলগ্ন আরমানিটোলা মাঠের পাশে হাজী মুসা ম্যানশন নামের ওই ভবনে হঠাৎ আগুন লাগে। রাসায়নিকের গুদাম ছাড়াও ছয়তলা ভবনের দুইতলা থেকে ছয়তলায় ১৮ থেকে ১৯টি পরিবার বসবাস করে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন সকাল ৬টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। একজন পুরুষের মরদেহ উদ্ধার করেছি। এছাড়া ১৫ জনকে আহত অবস্থায় ভবন থেকে উদ্ধার করা হয়েছে। একজন দগ্ধ রয়েছে। ফায়ার সার্ভিসের তিন কর্মীর মধ্যে একজন পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছেন। আর দুই জন সামান্য আহত হয়েছেন।