আ’লীগ নেতাকে বেতের লাঠি দিয়ে পেটাল বাস ড্রাইভার

অনলাইন ডেস্ক।।
গাজীপুরের পূবাইলে আমজাদ মোল্লা নামের এক আওয়ামী লীগ নেতাকে পেটানোর অভিযোগ উঠেছে এনা পরিবহনের এক চালকের বিরুদ্ধে। শনিবার (৫ ডিসেম্বর) বিকেলে পূবাইল মেট্রোপলিটন থানার মিরেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ঢাকাগামী এনার একটি যাত্রীবাহী বাস পূবাইলের মিরেরবাজার এলাকায় আসে। এ সময় ওই নেতার প্রাইভেটকার সাইড চাইলে উল্টো প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কথাকাটাকাটির একপর্যায়ে এনার চালক গাড়িতে থাকা লাঠি নিয়ে আমজাদ মোল্লার ওপর চড়াও হয়।

আমজাদ মোল্লার গাড়িতে থাকা তার দুই মেয়ের সামনেই তাকে লাঞ্ছিত করে প্রাইভেটকার ভাংচুর চালায়। তার ডাক-চিৎকারে লোকজন জড়ো হতে থাকলে এনার বাসচালক পালিয়ে যায়। এ সময় আমজাদ মোল্লা আহত হন।

পূবাইল থানার এসআই দিদার জানান, খবর পেয়ে ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক করে থানায় আনা হয়েছে। চালক পলাতক রয়েছে।