আশ্বিনের পূর্নিমা

আশ্বিনের পূর্নিমা
।।মাহফুজা রিনা।।

ভালোবাসি আমি আশ্বিনের পূর্নিমা,
পশ্চিম আকাশে ঢলে পড়া রূপালী চাঁদ,
মহা ভ্রমণে ক্লান্ত শেষ প্রহরের শশী।
অঘোরে ঘুমে ক্লান্ত ধরনী,
ঈষৎ হিমেল বাতাস ঘুমায় মুখচাপা বিছানার পরে।

জানালার গ্রীলে হাত রেখে চোখ তুলে দেখি
চুপেচুপে ঝরে পড়া জোৎস্নার ফুল।
মাঝে মাঝে মেঘের ঝাপটা চাঁদের গায়ে
শিহরণ তুলে জোৎস্নাকে ম্লান করে দেয়।
বেলকনির গ্রীলে বেয়ে ওঠা নীল অপরাজিতা
মুখ লুকিয়ে হাসে লাজে।

আমি মুগ্ধ হয়ে শুনি নাম না জানা পাখির ডাক,
ঝোপের আড়ালে জোনাকির ভিড়ে অপেক্ষায়
একা জাগে বুনো হাঁস।

প্রেয়সী তার সেই যে বেরোলো আর ফেরেনি।
আমি যখন জোৎস্নার আলো ঝরা দেখে মুগ্ধ!
চাঁদ তখন আমায় দেখে চোরা চোখে অলস নয়নে।
আমায় দেখছে সে বিরহীনি এক প্রেয়সীর বেসে,
দূর থেকে সে হাত বাড়িয়ে আমায় বাঁধে অসীম আলিঙ্গনে।

তার পানে আমি তুলি আনন্দের রক্তিম আঁখি,
ভোর গ্লাসে জোৎস্না সুধা করেছি পান চুপিচুপি।
আজ মনে পরে রাতের নির্জনে জন্মজন্মান্তরে কতো
জেগেছি একা এমন পূর্নিমা রাত দেখার তরে।
উষার শিয়রে ঢলে পড়ে ক্লান্ত জোৎস্না রাতের শশী,
বুকের আগুনে অঙ্গার করি সব বেদনা নির্জনে একা বসি।

৩/১০/২০২০
(আমার প্রিয় সখী শিরিন মনসুরকে উৎসর্গ)