আসামি বহনকারী গাড়িতে বিস্ফোরণ, ৪ পুলিশ দগ্ধ

মো. ইব্রাহিম, নোয়াখালী।।
নোয়াখালীর বেগমগঞ্জে আসামি নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ‘গ্যাস সিলিন্ডার’ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার।

তিনি বলেন, জেলা কারাগার থেকে চার আসামিকে লক্ষ্মীপুর নেয়ার সময় বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২ টার সময় বেগমগঞ্জের কেন্দুরবাগ এলাকায় পুলিশের মাইক্রোবাসে বিস্ফোরণ হয়। এতে আগুন ধরে গেলে গাড়িতে থাকা চার পুলিশ সদস্য দগ্ধ হন।

তারা হলেন থানার এসআই বোরহান উদ্দিন সরকার এবং কনস্টেবল রাকেশ, বেসান্ত ও আনাস। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কনস্টেবল রাকেশ ও বেসান্তের অবস্থা আশঙ্কাজনক।ওসি আরও জানান, আসামিরা বেগমগঞ্জ থানা হেফাজতে আছেন।