‘আ. লীগ ক্ষমতায় আছে বলেই শিক্ষার কাঙ্খিত উন্নয়ন হচ্ছে’

অনলাইন ডেস্ক।।
বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। এই সরকার ধারাবাহিকভাবে ক্ষমতায় আছে বলেই দেশে আজ শিক্ষার কাঙ্খিত উন্নয়ন হচ্ছে।

বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) বিকেলে উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন পরিষদ চত্বরের আয়োজিত সাতলা গ্রামের কৃতি সন্তান, লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রভাষক বিএম রাজ্জাক ডক্টরেট ডিগ্রী অর্জন করায় সাতলাবাসীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষা মানন্নোয়নে সরকার বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করে বাস্তবায়ন করে যাচ্ছে। বছরের প্রথম দিনের উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ,অবকাঠামো উন্নয়ন সহ শিক্ষকদের বেতনভাতা বাড়িয়ে তাদের জীবনমানের উন্নয়ন করেছেন বর্তমান প্রধানমন্ত্রী।

বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সহযোগী অধ্যাপক সোহরাব হোসেন হাওলাদারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান, উজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদার ও সংবর্ধিত প্রভাষক বিএম রাজ্জাক বক্তৃতা করেন ।

এসময় বীর মুক্তিযোদ্ধাগণ, উজিরপুর উপজেলা আওয়ামী লীগ, সাতলা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।