ইংল্যান্ড শিবিরে বড় দুশ্চিন্তা, স্বস্তি কোহলি ও ভারতের

স্পোর্টস ডেস্ক।।
পায়ের ইনজুরিতে ছিটকে গেলেন স্টুয়ার্ট ব্রড। উরুর চোটের কারণে অনিশ্চিত ইংল্যান্ড দলের পেস আক্রমণের সেরা অস্ত্র জেমস অ্যান্ডারসনও। দলের দুই ফ্রন্টলাইন বোলারের এমন খবরে দুশ্চিন্তায় ইংলিশ শিবির।

বৃহস্পতিবার (১২ আগস্ট) লর্ডসে শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি ড্র হওয়ার পর এই ম্যাচের দিকে তাকিয়ে দুই দলই।

ইংল্যান্ডের অস্বস্তি মানেই ভারতের স্বস্তি। বিশেষ করে অ্যান্ডারসন না থাকলে তো মহাখুশি হবেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। টেস্টে এখন পর্যন্ত ছয়বার কোহলিকে আউট করেছেন ইংলিশ গতিতারকা। ট্রেন্টব্রিজ টেস্টে প্রথম ইনিংসে প্রথম বলেই আউট হন কোহলি।

এদিকে অ্যান্ডারসনকে নিয়ে এখন পর্যন্ত আশা থাকলেও ডান পায়ের কাফ মাসল ছিঁড়ে যাওয়ায় মাঠের বাইরেই থাকতে হচ্ছে ব্রডকে। মঙ্গলবার অনুশীলনের সময় চোট পেয়েছিলেন ব্রড। বুধবার তার এমআরআই করা হয়। তাতে দেখা যায় ইনজুরিটি।

ব্রডের অনুপস্থিতিতে ইংল্যান্ড দলে ভিড়িয়েছে তরুণ সাকিব মাহমুদকে। ডানহাতি এই পেসার সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে দুর্দান্ত বোলিংয়ে নজর কাড়েন।