ইতালির প্রধানমন্ত্রী কন্তের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক।।
ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৬ জানুয়ারি) দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাত্তেরেল্লার কাছে তিনি পদত্যাগপত্র হস্তান্তর করেন বলে প্রেসিডেন্টের দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়।

ইতালিতে চলমান রাজনৈতিক সঙ্কটের পরিপ্রেক্ষিতে জুসেপ্পে কন্তে পদত্যাগ করলেন। রাজনৈতিক সঙ্কট উত্তরণে বুধবার প্রেসিডেন্ট মাত্তেরেল্লা রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে আলোচনা করবেন বলে বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আলোচনা চলাকালীন সময়ে কন্তেকে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।

গত সপ্তাহে করোনাভাইরাস সঙ্কট ও অর্থনৈতিক মন্দার পরিপ্রেক্ষিতে সরকারি অব্যবস্থাপনার অভিযোগে শরীক সাবেক প্রধানমন্ত্রী মাত্তিও রেনজির নেতৃত্বাধীন ইতালিয়া ভিভা পার্টি জোট থেকে বেরিয়ে গেলে কন্তে পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সংখ্যাগরিষ্ঠতা হারান। সূত্র-রয়টার্স।