ইন্দুরকানীতে ২০০ গ্রাম গাজাঁ সহ যুবলীগ নেতা ভাইগ্না কবির গ্রেপ্তার

ইন্দুরকানী প্রতিনিধি।।
পিরোজপুরের ইন্দুরকানীতে ২০০ গ্রাম গাজাঁ সহ যুবলীগ নেতা কবির বেপারি ওরফে ভাইগ্না কবিরকে (৩৭) আটক করেছে পুলিশ।মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পোনে দুইটার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের বটতলা বাজার সংলগ্ন মাওলানা নুরুল ইসলামের বাড়ির সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে পুলিশ। আটক কবির বেপারি উপজেলার বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি এবং চর হোগলাবুনিয়া গ্রামের হারুন বেপারীর ছেলে।

এছাড়া সে ইন্দুরকানী উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি আবুল কালাম সেপাইর আপন ভাগ্নে। সে এলাকায় ভাইগ্না কবির নামে পরিচিত।

থানা সূত্রে জানা যায়, মাদক বিক্রির গোপন খবর পেয়ে ইন্দুরকানী থানার এস আই মো: শহিদুল ইসলামের নেতৃত্বে বটতলা বাজার সংলগ্ন মাওলানা নুরুল ইসলামের বাড়ির সামনে থেকে কবিরকে আটক করে পুলিশ সদস্যরা। এসময় তার দেহে তল্লাশী চালিয়ে সঙ্গে ২০০ গ্রাম গাজাঁ পায় পুলিশ। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

এলাকাবাসী জানায়, কবির ও তার ছোট ভাই রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘ দিন যাবত বালিপাড়া ও পাশ্ববর্তি হোগলাবুনিয়া এলাকায় মাদক বেচাকেনা করে আসছে। এর আগে তার এক ছোট ভাই ইয়াবা সহ পুলিশের হাতে আটক হয়।

ইন্দুরকানী থানার ওসি মো: হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বটতলা এলাকা থেকে কবির নামে এক মাদক বিক্রেতাকে ২০০ গ্রাম গাজাঁ সহ গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কোর্টে চালান করা হবে।