ইন্দুরকানীর সাবেক উপজেলা চেয়ারম্যান ইকরামুল কবির মজনু আর নেই

ইন্দুরকানী প্রতিনিধি।।
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিস্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী ইকরামুল কবির মজনু শুক্রবার (১০ জুলাই) সকালে খুলনা ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন (ইন্নালিল্লাহ…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭০) বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থাতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিকালে ইন্দুরকানী এম ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে ইন্দুরকানী গ্রামের পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
তার জানাযায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী সহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মচারি-কর্মকর্তারা অংশগ্রহন করেন।

তিনি ইন্দুরকানী উপজেলা পরিষদের নির্বাচিত প্রথম চেয়ারম্যান ছিলেন। এর আগে তিনি উপজেলার পত্তাশী ইউনিয়নের দুইবার চেয়ারম্যান ছিলেন।

মজনু তালুকদার ইন্দুরকানী সরকারি কলেজ এবং সেতারা স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। তিনি সেতারা স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতষ্ঠাকালীন প্রধান শিক্ষক ছিলেন। উপজেলার এফ করিম আলিম মাদ্রাসাটিও তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়াও উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে তাদের পরিবারের অবদান রয়েছে। শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রাখার পাশাপাশি তিনি ইন্দুরকানী থানা ও উপজেলা পরিষদ প্রতিষ্ঠায় অসামান্য ভূমিকা রেখেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি জেপি’র চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের (ইন্দুরকানী, ভান্ডারিয়া, কাউখালী) সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু ও ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এ্যাড. এম মতিউর রহমান সহ স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।