ইন্দোনেশিয়ায় স্কুল শিক্ষার্থীদের বহনকারী বাস খাদে, নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক।।
ইন্দোনেশিয়ায় এক জুনিয়র স্কুলের শিক্ষক, শিশু শিক্ষার্থী ও অভিভাবকদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৭ জন নিহত হয়েছে। চ্যানেল নিউজ এশিয়া জানিয়েছে, একটি ধর্মীয় তীর্থস্থান থেকে ফেরার পথে স্থানীয় সময় বুধবার (১০ মার্চ) দেশটির জাভা দ্বীপের কাছে ওই দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বাসটি রাস্তার পাশের ২০ মিটার গভীর গিরিখাতে পড়ে যায়। সে সময় বাসটিতে মোট ৬৬ জন যাত্রী ছিল। নিহতদের মধ্যে চালক, শিশু ও প্রাপ্তবয়স্ক লোকজন রয়েছেন। ৩৯ জন প্রাণে বেঁচে গেছেন। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) দেশটির উদ্ধারকারী সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম জাভা প্রদেশের সুমাদাং শহরের কাছে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর পরে বাসটি খাদে পড়ে যায়।খবর পেয়ে উদ্ধারকর্মীরা ক্রেনের সাহায্যে বেঁচে যাওয়া আহতদের উদ্ধার করে।

ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকারী সংস্থা এখনো উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে গাড়িটির ফিটনেসের কাগজ হালনাগাদ করা ছিল না বলে জানিয়েছে পরিবহন মন্ত্রণালয়।