ইব্রাহিমের গোলে এগিয়ে আছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক।।
শ্রীলঙ্কায় প্রাইম মিনিস্টার মাহিন্দ্রা রাজাপাকসে চার জাতি প্রতিযোগিতায় প্রথমার্ধ শেষে এগিয়ে আছে বাংলাদেশ। মোহাম্মদ ইব্রাহিম গোল করে দলকে ১-০-তে এগিয়ে রেখেছেন।

কলম্বোর রেসকোর্স মাঠে বল নিয়ন্ত্রণে রেখে একাধিকবার প্রতিপক্ষের সীমানায় ত্রাস সৃষ্টি করেছে বাংলাদেশ। কিন্তু গোলের সুযোগ এসেছে একবারই। তবে ১৪ মিনিটে সেশেলস গোলকিপার আনিসুর রহমান জিকোর পরীক্ষা নিয়েছিল। তাদের দূরপাল্লার একটি শট গোলকিপার জিকো কোনোমতে ফিরিয়ে দিয়েছেন!

এর তিন মিনিট পরই গোলের দেখা পায় বাংলাদেশ। মোহাম্মদ ইব্রাহিম বল নিয়ে বক্সে ঢুকে ডান পায়ের জোরালো শটে জাল কাঁপান।

গোলের পর ব্যবধান দ্বিগুণ হতে পারত। রাইট উইং ধরে আক্রমণে ওঠা সাদউদ্দিনের বক্সে বাড়ানো ক্রসে মাথা ছুঁইয়েছিলেন সুমন রেজা কিন্তু লক্ষ্যে থাকেনি।

এই ম্যাচে মারিও লেমসের একাদশে যারা সুযোগ পেয়েছেন তাদের সবারই আগে লাল-সবুজ দলের জার্সি গায়ে খেলার অভিজ্ঞতা আছে। শুধু রক্ষণে সুশান্ত ত্রিপুরা এক বছর পর দল ফিরে একাদশে খেলার সুযোগ পেয়েছেন।

তেকাঠির নিচে জিকোই ভরসা। লেফট-ব্যাক ইয়াসিন আরাফাত, সেন্ট্রাল-ব্যাক হিসেবে বাদশা ও তপু এবং রাইট ব্যাকে সুশান্ত আছেন। দুই ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ফাহাদ ও জামাল, অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ইব্রাহিম। দুই উইংয়ে রাকিব ও সাদের সামনে একমাত্র স্ট্রাইকার হিসেবে সুমন রেজার ওপর দায়িত্ব থাকছে।

বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান জিকো, সুশান্ত ত্রিপুরা, টুটুল হোসেন বাদশা, তপু বর্মণ, ইয়াসিন আরাফাত, আতিকুর রহমান ফাহাদ, জামাল ভূঁইয়া, মোহাম্মদ ইব্রাহিম, রাকিব হোসেন, সাদ উদ্দিন ও সুমন রেজা।