উজিরপুরে চুরির অপবাদে শিশুকে ডেকে নিয়ে ভরা মজলিশে নির্যাতন

অনলাইন ডেস্ক।।
বরিশালের উজিরপুরে চুরির অপবাদ দিয়ে শিশুকে ডেকে নিয়ে ভরা মজলিশে শারীরিক নির্যাতন চালিয়েছে প্রভাবশালীরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। হামলাকারীদের হুমকির মুখে আতঙ্কে অসহায় পরিবার। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শোলক ইউনিয়নের যুগিহাটি গ্রামের মৃত খালেক মোল্লার ছেলে প্রভাবশালী বেল্লাল মোল্লা (৩০), জলিল মোল্লা (৪০), ইসমাইল হাওলাদারের ছেলে জহুরুল হাওলাদার (২৬), মৃত নাসির হাওলাদারের ছেলে ইসমাইল হাওলাদারসহ (৫৫) অজ্ঞাত ৪-৫ জন মিলে বুধবার বিকাল ৪টায় একই এলাকার মৃত কালাম খানের নাবালক ছেলে শফিক খানকে (১৪) তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে চুরির অপবাদ দিয়ে ভরা মজলিশে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

এ সময় তার মা রেহেনা বেগম (৪৫) প্রতিবাদ করলে তাকেও পিটিয়ে আহত করে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে তাদের তাড়িয়ে দেয়। আহতরা প্রাথমিক চিকিৎসা নেয়।

জানা যায়, ঘটনার পূর্বের দিন বেল্লাল মোল্লার ঘর থেকে ১ হাজার টাকা খোয়া গেছে। পূর্বশত্রুতার জের ধরে ওই শিশুর উপর চুরির অপবাদ দিয়ে বুধবার (১৪ জুলাই) বিকালে প্রভাবশালীরা বাটি চালান ও চাল পড়া দেয়। এ সময় ৬০-৭০ জন লোক জড়ো হয়। সেই ভরা মজলিশেই শিশু ও তার মায়ের উপর হামলা চালায়।

এ ব্যাপারে শিশুর মাতা রেহেনা বেগম বাদী হয়ে বৃহস্পতিবার (১৫ জুলাই) উজিরপুর মডেল থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত বিল্লাল মোল্লা বলেন, আমার ঘর থেকে ১ হাজার টাকা চুরি হয়েছে। সে ঘটনায় বাটি চালান ও চাল পড়া দিয়ে শফিককে চোর শনাক্ত করে তারপর আমরা তাকে মারধর করেছি। আরও জানান, ওই এলাকার হানিফ হাওলাদারের মেয়ে নাজু বেগম বাটি চালান দিয়ে শফিককে চোর শনাক্ত করে।

অভিযুক্ত জলিল মোল্লা বলেন, চুরি করেছে বিধায় মারধর করেছি। এ ঘটনায় এলাকায় শালিশ বৈঠকে হলেও রাজি আছি এবং আমাদের বিরুদ্ধে মামলা করলেও তাতে কোনো ক্ষতি নেই।

শিশুর মা রেহেনা বেগম বলেন, আমার স্বামী মারা যাওয়ার পর থেকে সন্তানদের খুব কষ্ট করে লালন পালন করছি। আমার নাবালক ছেলে শফিককে ওই প্রভাবশালীরা ক্ষমতার দাপটে ঘর থেকে ডেকে নিয়ে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে আহত করেছে এবং আমি প্রতিবাদ করতে গেলে আমাকেও মারধর করেছে। এরপরেও ক্ষ্যান্ত হয়নি হামলাকারীরা। আমাদের পরিবারের সব সদস্যদের ভয়ভীতি ও হুমকি দিচ্ছে তারা। অর্থের গরিমায় তারা গরীব অসহায় মানুষদের কিছু মনে করেন না। আইনকে তোয়াক্কা করছেনা তারা। আমাদের এলাকা থেকে উৎখাত করার জন্য একের পর এক অপপ্রচার চালাচ্ছে। এমনকি আমার বড় ছেলে প্রতিবাদ করায় তার চোখ উৎপাটনের হুমকি দেয় ওই প্রভাবশালীরা।

উজিরপুর মডেল থানার ওসি আলী আরশাদ জানান, আইন আইনের গতিতেই চলবে। কোনো অপরাধী পার পাবে না। তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিশুর পরিবার ওই নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।