উজিরপুরে র‌্যাবের হাতে ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ফেন্সিডিল উদ্ধার

রূপালী বার্তা।।
বরিশালের উজিরপুরে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮। মঙ্গলবার (০৩ আগস্ট) দুপুরে এ অভিযান চালানো হয়।

র‌্যাব জানায়, গোপনে খবর আসে- মাদক ব্যবসায়ী ফেন্সিডিল সরবরাহ করার জন্য চাপাইনবাবগঞ্জ জেলার কানসার্ট হইতে একটি মিনি ট্রাক যোগে বরিশাল হয়ে পটুয়াখালী জেলার দিকে আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি দুপুরে উজিরপুর থানাধীন ইচলাদী টোল প্লাজার সামনে বরিশাল গামী মহাসড়কের উপর চেকপোষ্ট বসিয়ে গাড়ী তল্লাশি করতে থাকে। তল্লাশির সময় ০১টি মিনি ট্রাক চেকপোষ্টের সামনে আসলে গাড়ী থামানোর জন্য সংকেত প্রদান করে। গাড়ীর চালক সংকেত পেয়ে গাড়ী চেকপোষ্টের সামনে থামায়। তখন চালক এর গতিবিধি দেখে সন্দেহ সৃষ্টি হলে দুইজনকে আটক করে।

তাদের নাম- (১) মোঃ আফজাল হোসেন(৪৯), পিতাঃ মৃত ইসমাইল হোসেন, সাং- রাধানগর, ১০ নং ওয়ার্ড, (২) মোঃ রঞ্জু হোসেন(৩৩), পিতাঃ মোঃ নিফাজ পরামানিক, সাং- কাশিনাথপুর, চরপাড়া, উভয় থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনা। পরে গাড়ী তল্লাশি করে ৪৪৫ (চারশত পয়তাল্লিশ) বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রয়ের নগদ ৪,০০০/- টাকা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত গাড়ী জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বরিশাল জেলার উজিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।