উদিনেজের কাছে হেরে গেল জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক।।

আজকের ম্যাচ জিতলেই টানা নবমবারের মতো সেরি আ শিরোপা জুভেন্টাসের। কিন্তু উদিনেজের বিপক্ষে হেরে গেল তারা।

প্রতিপক্ষের মাঠে বৃহস্পতিবার (২৩ জুলাই) ২-১ গোলে হেরেছে তুরিনের দলটি। মাটাইস ডি লিখট শিরোপাধারীদের এগিয়ে নেয়ার পর সমতা ফেরান ইলিয়া নেস্তোরফস্কি। যোগ করা সময়ে জয়সূচক গোলটি করেন সিকো ফোফানা।

২০১০ সালের পর প্রথমবার ঘরের মাঠে জুভেন্টাসের বিপক্ষে জিতল উদিনেজে। লিগের প্রথম পর্বে গত ডিসেম্বরে নিজেদের মাঠে ৩-১ গোলে জিতেছিল জুভেন্টাস।

৩৫ ম্যাচে ২৫ জয় ও ৫ ড্রয়ে জুভেন্টাসের পয়েন্ট ৮০। সমান ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে আতালান্তা দ্বিতীয় ও ৭৩ পয়েন্ট নিয়ে ইন্টার মিলান তৃতীয় স্থানে আছে।

২০১২ সালের ৬ মে থেকে ইতালির শীর্ষ লিগের চ্যাম্পিয়ন জুভেন্টাস। বৃহস্পতিবার শিরোপা ধরে রাখার ৩ হাজারতম দিনের মাইলফলক স্পর্শ করে প্রতিযোগিতার সফলতম দলটি। উপলক্ষ রাঙাতে পারেনি তারা। অপেক্ষার অবসান হতে পারে পরের ম্যাচেই। নিজেদের মাঠে সাম্পদরিয়াকে হারালেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে সাররির দলের।