উপদেষ্টার করোনা, কোয়ারেন্টাইনে ট্রাম্প ও মেলানিয়া

আন্তর্জাতিক ডেস্ক।।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প কোয়ারেন্টাইনে আছেন। ট্রাম্পের ঘনিষ্ট একজন উপদেষ্টার শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকেই তারা কোয়ারেন্টাইনে আছেন।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাতে এক টুইট বার্তায় ট্রাম্প নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তিনি ও মেলানিয়া নমুনা পরীক্ষা করতে দিয়েছেন এবং ফল পাওয়ার অপেক্ষায় আছেন।

কোভিড-১৯ আক্রান্ত ট্রাম্পের ওই উপদেষ্টার নাম হোপ হিকস। ৩১ বছর বয়সী ট্রাম্পের এ উপদেষ্টা সপ্তাহের শুরুতে ওহাইওতে একটি টেলিভিশন বিতর্কে অংশ নিতে ট্রাম্পের সঙ্গে ‘এয়ার ফোর্স ওয়ান’-এ ভ্রমণ করেন।

এমনকি গত মঙ্গলবার ক্লিভল্যান্ডে প্রেসিডেন্টের উড়োজাহাজ থেকে নামার সময় হিকসে মুখে মাস্ক দেখা যায়নি।

এছাড়া গত বুধবার একটি নির্বাচনী র‌্যালিতে অংশ নিতে হেলিকপ্টারে করে মিনেসোটায় যান ট্রাম্প। সেখানেও তার সঙ্গে ছিলেন হিকস।