উলানিয়ায় ওয়াকফ ষ্টেট এর সম্পত্তি জবর-দখলের চেষ্টা, লুটপাটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক।।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নে ওয়াকফ ষ্টেট এর সম্পত্তিতে জোর করে দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৭ নভেম্বর) রাতের আধারে প্রতিপক্ষের লোকজর ওই জমিতে ঘর নির্মানের চেষ্টা চালায়। এ সময় ঘর নির্মাণে বাধা দেয়ায় রক্ষণাবেক্ষণে থাকা পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়।

এ ঘটনায় মেহেন্দিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বসবাসকারী নুরজাহান বেগম। অভিযোগে জাহাঙ্গীর রাঢ়ী, নিজাম খান, আবদুর রশিদ মাষ্টার ও জান্নাত বেগমকে বিবাদী করা হয়েছে।

তিনি রূপালী বার্তাকে জানান, মেহেন্দিগঞ্জ উপজেলার পানবাড়িয়া মৌজার সুলতান আহমেদ চৌধুরী এষ্টেট সম্পত্তি মোতআল্লীর অনুমতি নিয়ে দীর্ঘদিন পর্যন্ত দেখাশোনা করছেন ও বসবাস করে আসছেন। কিছুদিন থেকে ওই জমিতে দখলের পায়তারা চালায় প্রতিবেশী একটি গোষ্ঠী। এ ঘটনায় ওয়াকফ প্রশাসন সরেজমিনে তদন্ত করে স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশ দেন । কিন্তু বিবাদীরা আইনের তোয়াক্কা না করে শনিবার (২৭ নভেম্বর) রাত ৩ টার দিকে লোকজন ভাড়া করে অস্ত্র নিয়ে ওই জমিতে ঘর নির্মাণ শুরু করে।

নুরজাহান বেগম বলেন, আমরা তাদের বাধা দিতে গেলে, তারা লাঠিসোটা নিয়ে আমাকে ও আমার স্বামীকে খুনের হুমকি দিয়ে ধাওয়া করে। কোন উপায় না পেয়ে বসতঘরে আশ্রয় নেই। এ সময় সন্ত্রাসীরা ঘরে ঢুকে হামলা চালিয়ে আমাকে ও আমার স্বামীকে জখম করে। তারা আমার ৩০ হাজার টাকা দামের স্বর্ণের চেইন নিয়ে যায় এবং ঘরে প্রায় ৪০ হাজার টাকার মালামাল ভংচুর করে। আমাদের চিৎকার শুনে লোকজন চলে আসলে তারা যেকোন ভাবে জমি দখল ও খুন জখমের হুমকি দিয়ে চলে যায়।

বরিশাল ওয়াকফ পরিদর্শক লুৎফর রহমান বলেন, আমরা দুই পক্ষকেই বলেছি স্থিতি অবস্থা বজায় রাখতে। কোন পক্ষ যাতে ওই সম্পত্তিতে কোন স্থাপনা না করে। কিন্তু তারপরও নাকি ঘর নির্মাণের চেষ্টা চালানো হয়েছে। এ বিষয়ে ওয়াকফ প্রশাসন বরাবর অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া যাবে।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার এসঅই রফিক জানান, ঘর নির্মাণের খবর শুনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ সময় কোন স্থাপনা নির্মাণ করতে নিষেধ করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।