একটা বসন্তের জন্যে

একটা বসন্তের জন্যে
-বিচিত্র কুমার

তোমার চলে যাওয়াতে বেদনার ফুল ফোটে
ধমনীর ভিতরে শিরায় শিরায় হৃদয় চিত্রপটে,
রঙধনুর রঙ মুছে যায় নীল আকাশে
রঙিন স্মৃতিগুলো হারিয়ে যায় স্বপ্নের মাঠে।

শুধু থেকে যায় তোমার পদচিহ্ন নকশীকাঁথাতে
সুগন্ধী ফুলের সুবাস রয়ে যায় সাগর উপসাগরে
সুখ পাখিরা উড়ে যায় কথা দিয়ে
হাওয়ায় হাওয়ায় ভেসে অচিনপুরে।

আর আমি ঠিক যেন হাল ভাঙ্গা পাল ছেঁড়া নাবিকের মতন
কোটিকোটি বছর আগামী বসন্তের প্রতীক্ষায় বসে আছি,
হারিয়ে ফেলেছি আসল গন্তব্য আমি—

দুচোখের দৃষ্টি ঝপসা হয়ে গেছে
মাথায় এলোমেলো চুল,
বন উপবন ভিজিয়ে অশ্রু সিক্ত
কোথায় তুমি আগামী বসন্তের ফুল?

আমি প্রতীক্ষায় আছি শুকনো পাতার মর্মরধ্বনিতে
কিম্বা ঝরাফুলের মতো শুধু তোমার জন্যে,
কাটিয়ে দেব সময় উজ্জ্বল নক্ষত্রের পতনে
প্রতীক্ষা আর প্রতীক্ষা আগামীর একটা বসন্তের জন্যে।