একসঙ্গে করোনায় আক্রান্ত হলেন ৬ এমপি

অনলাইন ডেস্ক।।
আরও ছয়জন সংসদ সদস্য (এমপি) করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। শনিবার (০৭ নভেম্বর) তাদের কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।

এদের মধ্যে একজন এমপি দ্বিতীয়বার আক্রান্ত হয়েছেন। এছাড়া একজন উপমন্ত্রী ও একজন সদস্য শপথ নেয়া সংসদ সদস্যও রয়েছেন।

করোনা আক্রান্ত এমপিরা হলেন- সংরক্ষিত নারী আসনের নাদিরা ইয়াসমিন জলি ও তাহমিনা বেগম; নাটোর-২ (নাটোর সদর উপজেলা ও নলডাঙ্গা উপজেলা) আসনের শফিকুল ইসলাম, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের নুরুজ্জামান বিশ্বাস, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।

সংসদ ক্লিনিকের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করার পর সংশ্লিষ্ট একাধিক সংসদ সদস্য করোনা আক্রান্তের বিষয়টি স্বীকার করেছেন।

জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বসছে আগামীকাল রোববার (৮ নভেম্বর)। সন্ধ্যা ৬টায় সংসদের বৈঠক শুরু হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সংসদের দশম অধিবেশনটি বিশেষ অধিবেশন হিসেবে বসছে।

এ অধিবেশন বসার একদিন আগেই একসঙ্গে ছয় এমপির করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলো।
সূত্র-জাগোনিউজ