একুশেই মেয়র হয়ে নজির গড়ছেন এই শিক্ষার্থী!

আন্তর্জাতিক ডেস্ক।।
মাত্র ২১ বছর বয়সেই ভারতের কেরালা রাজ্যের রাজধানী তিরুঅনন্তপুরম শহরের মেয়রের দায়িত্ব পাচ্ছেন আর্যা রাজেন্দ্রন নামে এক শিক্ষার্থী। ভারতের কোনো শহরেই এর আগে এত কম বয়সী মেয়র পায়নি।

রাজ্যে বিধানসভা ভোট আর কয়েক মাস দূরে। শহরটির মেয়র পদে একেবারে নতুন মুখ তুলে এনে তরুণ প্রজন্মকে বার্তা দেয়ার চেষ্টা করছে কেরালা সিপিএম।

এসএফআই রাজ্য কমিটির সদস্য আর্যা এবারই প্রথম ভোটে দাঁড়িয়েছেন। নিজের ওয়ার্ডে ইউডিএফের প্রার্থীকে দুই হাজার ৮৭২ ভোটে হারানোর পরে এবার আর্যার কাঁধে তিরুঅনন্তপুরম শহরের দায়িত্ব দিচ্ছে সিপিএম।

গণিতশাস্ত্র নিয়ে স্নাতক পড়ছেন আর্যা। শহরের অল সেন্টস কলেজের বিএসসির শিক্ষার্থী আর্যার বাবা বিদ্যুৎমিস্ত্রি, মা জীবনবীমা সংস্থার এজেন্টের কাজ করেন।

তিরুঅনন্তপুরম জেলা সিপিএমের সম্পাদকমণ্ডলী শহরের নতুন মেয়র হিসেবে আর্যার নাম বেছে নিয়েছে। তারপর সেই সুপারিশ পাঠানো হয় এ কে জি সেন্টারে, দলের রাজ্য নেতৃত্বের অনুমোদনের জন্য। রাজ্য সিপিএম সবুজ সংকেত দেয়ার পর আর্যাকে নতুন দায়িত্বের জন্য প্রস্তুত হতে বলা হয়েছে।

মেয়র হতে হবে, এই খবর পেয়ে প্রথমে বিশ্বাসই করতে পারেননি আর্যা! তবে তার মন্তব্য, ‘কলেজের পাশাপাশি রাজনীতির পাঠও শিখছি। দল যা দায়িত্ব দেবে, নিষ্ঠার সঙ্গেই তা পালন করব।’

রাজ্যের মন্ত্রী ও তিরুঅনন্তপুরম জেলা সিপিএমের সাবেক সম্পাদক কোডাকামপল্লি সুরেন্দ্রন বলছেন, ‘আর্যা নতুন প্রজন্মের প্রতিনিধি। আন্দোলন ও সংগঠন থেকে উঠে আসা মুখ। রাজ্যের উন্নয়ন ও বাম আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে এমন তরুণ সৈনিকদেরই সামনে আনা দরকার।’