এক তাজিকের গোলে হারলো পাকির আলীর দল

স্পোর্টস ডেস্ক।।
গত মৌসুমে রহমতগঞ্জে খেলে দৃষ্টি কেড়েছিলেন সিওভুস আশররোভ। এবার তিনি দল পাল্টে শেখ রাসেলে। আর প্রথম ম্যাচেই তাজিক ডিফেন্ডার নিজের কারিশমা দেখিয়েছেন। ফেডারেশন কাপে ‘এ’ গ্রুপে দীর্ঘদেহী ডিফেন্ডারের একমাত্র গোলের কাছেই হারতে হলো পাকির আলীর পুলিশ এফসিকে।

সাড়ে ৬ ফুটি ফুটবলার জিয়ানকার্লো লোপেজ রদ্রিগেজকে ঘিরে শেখ রাসেলের প্রত্যাশা অনেক। তবে শুরুর ম্যাচে অন্তত নিজেকে চেনাতে পারেননি তিনি! ঠিকমতো বল রিসিভ করে লক্ষ্যে শট নিতে দেখা যায়নি তাকে। অ্যাটাকিং থার্ডে বল গেলেও শেখ রাসেলের হয়ে লক্ষ্যভেদ করার মতো সুযোগ্য স্ট্রাইকারের অভাব দেখা গেছে। অভিজ্ঞ ফরোয়ার্ড তকলিছ আহমেদ ফিটনেস সমস্যায় ভুগছেন। মোহামেডান থেকে আসা নাইজেরিয়ান উইঙ্গার ওবি মনেকে পুরো মাঠ জুড়ে খেললেও যোগ্য সঙ্গীর অভাবে কিছু করতে পারেননি। কিরগিজস্তানের বখতিয়ার দুইশবেকভ-আব্দুল্লাহরা কিছু পাস বাড়ালেও তা থেকে গোল আসেনি।

তারপরেও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ২৫ মিনিটে শেখ রাসেল প্রথম সুযোগ পায়। ইয়ামিন কাটব্যাক করে দেওয়া বল ওবি মনেকে লক্ষ্যে ঠিকঠাক শট নিতে পারলে গোল হতে পারতো। ৩২ মিনিটে ডানপ্রান্তে ওবি মনেকের ক্রস থেকে তকলিছের হেড দূরের পোস্ট দিয়ে যায়। ৪০ মিনিটে পুলিশ আক্রমণে ওঠে। কিরগিজস্তানের মুরোলিমজন আখমেদভের বুলেট গতির শট গোলকিপার আশরাফুল ইসলাম রানা ফিস্ট করে ফেরান। প্রথমার্ধ কাটে গোলশূন্য। বিরতির পর অবশ্য শেখ রাসেলের গোল পেতে বেশি সময় লাগেনি। ৫০ মিনিটে এগিয়ে যায় তারা। কিরগিজ মিডফিল্ডার বখতিয়ার দুইশবেকভের প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া বুদ্ধিদ্বীপ্ত ফ্রি-কিকে সিওভুস আশররোভ বক্সের ভিতরে বল পেয়ে তা ঠেলে দেন জালে।

এক গোলে পিছিয়ে পড়ে পুলিশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ৫৫ মিনিটে পুলিশের বাল্লো ফামুসা ভালো জায়গায় থেকেও লক্ষ্যে শট নিতে পারেননি। ৮২ মিনিটে ফ্রি-কিক থেকে বাল্লো ফামুসার আরেকটি শট ক্রসবারের ওপর দিয়ে গেলে শ্রীলঙ্কান কোচ পাকির আলীকে হতাশ হতে হয়। আর রেফারির শেষ বাঁশি বাজতেই কোচ সাইফুল বারী টিটুর দলে স্বস্তি। প্রথম ম্যাচেই যে এসেছে তিন পয়েন্ট!