এসআই আকবর যেন পালাতে না পারে , সব ইমিগ্রেশনে চিঠি

অনলাইন ডেস্ক।।
সিলেট কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে মো. রায়হান আহমদের (৩৪) মৃত্যুর ঘটনার তদন্ত কাজ শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্তের স্বার্থে সাময়িক বরখাস্ত ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়াকে প্রয়োজন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ধানমন্ডিতে পিবিআইর প্রধান কার্যালয়ে সংস্থাটির প্রধান, ডিআইজি বনজ কুমার মজুমদার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

তিনি বলেন, তদন্তের প্রাথমিক পর্যায়ে আমাদের মনে হয়েছে সাময়িক বরখাস্ত উপ-পরিদর্শক আকবরকে আমাদের দরকার। সব ইমিগ্রেশনে আমরা জানিয়ে দিয়েছি আকবর যেন কোনোমতেই দেশ ছেড়ে পালিয়ে না যেতে পারে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও সীমান্তের বিভিন্ন ইমিগ্রেশন সেন্টারে জানিয়ে দেওয়া হয়েছে আকবর যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে। তাকে ধরার জন্য আমরা টিম রেডি করেছি। তাকে আমাদের খুবই দরকার।