এসব ধোনির বিরুদ্ধেই ব্যবহার করব: পান্ত

স্পোর্টস ডেস্ক।।
রিশাভ পান্তের আইডল মহেন্দ্র সিং ধোনি। এমনকি ধোনির মতো সবকিছু করতে গিয়ে একবার দলে জায়গাও হারিয়ে ফেলেছিলেন এই তরুণ। ধোনিকে ‘নকল’ করতে যাওয়াই পান্তের জন্য কাল হচ্ছে, অফফর্মে পড়ার পর তাকে নিয়ে এমন মন্তব্য করছিলেন অনেকে।

তবে পান্ত দারুণভাবে নিজেকে খুঁজে পেয়েছেন। জাতীয় দলে জায়গাই পাকা করেননি, দলকে বেশ কয়েকটি ম্যাচে জিতিয়েছেনও। বাঁহাতি এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের সামনে এবার আরেকটি বড় দরজা খুলে গেল। দিল্লি ক্যাপিটালসের নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আয়ারের চোটে নেতৃত্বের গুরুদায়িত্ব পেয়েছেন ২৩ বছর বয়সী এই তরুণ।

অধিনায়ক হিসেবে আইপিএল অভিষেকে পান্তের প্রথম ম্যাচ আবার ধোনিরই দল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। বেশ কাকতালীয় ব্যাপার! শৈশবের নায়কের সঙ্গে টস করতে নামবেন, স্বভাবতই আলাদা একটা রোমাঞ্চ কাজ করছে পান্তের মধ্যে।

শনিবার চেন্নাই-দিল্লি ম্যাচের আগে পান্ত বলেন, ‘এমএস ধোনির সঙ্গে টস করতে নামা আমার জন্য খুবই স্পেশাল ব্যাপার হবে। এবারই প্রথম আমি আইপিএলে নেতৃত্ব দিতে যাচ্ছি আর প্রথম ম্যাচটাই মাহি ভাইয়ের বিপক্ষে।’

ধোনির কাছ থেকে অনেক কিছু শিখেছেন, এখন সেটা তার বিরুদ্ধেই প্রয়োগ করতে চান পান্ত। তিনি বলেন, ‘আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি, তার কাছ থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। আশা করি, এসব অভিজ্ঞতা তার বিরুদ্ধেই কাজে লাগাতে পারব এবং আমরা ম্যাচটা জিতব। আমি সেইদিকেই তাকিয়ে আছি।’