এয়ার ইন্ডিয়ার পাইলটের বিরুদ্ধে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক।।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পাইলটের বিরুদ্ধে এক অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত এয়ার ইন্ডিয়ার এক বিমানচালক। সোমবার ওশিওয়ারা থানায় পাইলটের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই অভিনেত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, ৩৩ বছরের এয়ার ইন্ডিয়ার পাইলট অক্ষত শেট্টির বিরুদ্ধে ধর্ষণ তথা বিশ্বাসভঙ্গের অভিযোগ করেছেন টেলিভিশনের এক অভিনেত্রী।

পুলিশের কাছে অভিনেত্রীর অভিযোগ, দশ দিন আগে ওই অভিনেত্রীকে ফোন করে দেখা করতে বলেন অক্ষত। এরপর ওই অভিনেত্রীর বাড়িতে যান তিনি। সেখানে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করেন।

পুলিশ জানিয়েছে, একটি ম্যাট্রিমনিয়াল সাইটের মাধ্যমে দু’জনের আলাপ হয়। পরিচয় পর্বের পর তাদের মধ্যে প্রায়শই ফোনে কথা হতো। সোশ্যাল মিডিয়াতেও চ্যাট করতেন তারা দুজনে।

তিনি আরো অভিযোগ করেন, বিয়ের প্রসঙ্গ উঠলেই সেটি এড়িয়ে যেতেন অক্ষত। তবে দশদিন আগে তার বাড়িতে এসে দেখা করার পর অভিনেত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দেন তিনি। এরপর একাধিকবার ধর্ষণ করেন তাকে। এ বিষয়ে মুখ খুললে তার ফল ভাল হবে না বলেও হুমকি দেন অক্ষত। এমনকি, অভিযুক্ত তাকে খুনেরও হুমকি দিয়েছেন বলে দাবি অভিনেত্রীর। এ ঘটনার পর সেখান থেকে পালিয়ে যান অক্ষত।

অভিনেত্রীর দাবি, দশ দিন আগের ওই ঘটনার পর তার সঙ্গে কথাবার্তা বন্ধ করে দেন অক্ষত। বিয়ের প্রসঙ্গ উঠলেও তা এড়িয়ে যেতে থাকেন তিনি। এর পর পুলিশে অভিযোগ করার সিদ্ধান্ত নেন ওই অভিনেত্রী।

অক্ষতের বিরুদ্ধে ধর্ষণ, বিশ্বাসভঙ্গ ছাড়া প্রতারণার অভিযোগও করেছেন অন্ধেরির ওই তরুণী। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানিয়েছে, ওই অভিনেত্রীর সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সূত্র-আনন্দবাজার পত্রিকা।