কক্সবাজারে করোনায় প্রাণ গেল বিদেশি নাগরিকের

অনলাইন ডেস্ক।।
কক্সবাজারে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন রিচার্ড (৪৮) নামক বিদেশি নাগরিক। শুক্রবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে জেলা সদর হাসপাতালের এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

করোনায় মৃত্যুবরণ করা রিচার্ড কেনিয়ার নাইরোবির বাসিন্দা এবং ডেনিস রিফিউজি কাউন্সিল (ডিয়ারসি) কক্সবাজার অফিসের ম্যানেজার।

এ তথ্যে সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার মো. শাহীন আব্দুর রহমান চৌধুরী।

তিনি বলেন, মি. রিচার্ড করোনা আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাতে জেলা সদর হাসপাতালের এইচডিইউতে ভর্তি হয়েছিলেন। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মি. রিচার্ড করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। মৃত্যুবরণ করা ওই বিদেশির লাশ সদর হাসপাতালের মর্গে রয়েছে।

কক্সবাজার মডেল থানার ওসি তদন্ত বিপুল চন্দ্র দে বলেন, বিদেশি নাগরিকের মৃত্যু সংক্রান্ত কোনো তথ্য এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ থানাকে জানায়নি।