কক্সবাজারে সড়কে ডাকাতের গুলিতে কন্ঠশিল্পী জনিরাজ নিহত

অনলাইন ডেস্ক।।
কক্সবাজারের ঈদগাহ-ঈদগড় সড়কে ডাকাতের গুলিতে নিহত হয়েছে কিশোর কণ্ঠশিল্পী জনি দে (১৭)। কক্সবাজারে আঞ্চলিক গানের জনপ্রিয় এ কণ্ঠশিল্পী জনিরাজ নামে পরিচিত।

বৃস্পতিবার (০৮ অক্টোবর) সকাল ৮টায় ঈদগাহ থিমছড়ি পাত্থার ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জনি দে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের নতুন চরপাড়া এলাকার তপন দের ছেলে। তিনি এ বছর এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানায়, রাতে একটি অনুষ্ঠানে গান পরিবেশন করে সকালে বাড়ি ফিরছিলেন জনি দে। পথে ডাকাতরা তাকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশা থামানোর চেষ্টা করে। এ সময় সিএনজিটি দ্রুত চালিয়ে চলে যেতে থাকেন চালক। ডাকাতদল পেছন থেকে সিএনজিটিকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হন জনি দে। মুমূর্ষু অবস্থায় তাকে ঈদগাহ এলাকায় বেসরকারি একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় চালকসহ সিএনজির অন্য যাত্রীরাও আহত হয়েছেন।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস জানান, অতিরিক্ত পুলিশ সুপার, সদর মডেল থানার ওসি (তদন্ত) ও ঈদগাহ তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যাবস্থা নেওয়া হচ্ছে।